
কালীগঞ্জ প্রতিনিধি: মাদকের বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলায় কালীগঞ্জের এক নিবেদিতপ্রাণ বিএনপি নেতার ভাবমূর্তি ক্ষুণ্ন করতে জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত’ মানববন্ধন করা হয়েছে বলে অভিযোগ করেছেন কালীগঞ্জ বিএনপি ও পৌর বিএনপির নেতৃবৃন্দ। এক প্রতিবাদলিপিতে নেতৃবৃন্দ দাবি করেন, মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিদের কেউই কালীগঞ্জের স্থানীয় অধিবাসী নন। টাকার বিনিময়ে বহিরাগত লোকজন ভাড়া করে মানববন্ধন করানো হয়েছে বলেও তারা অভিযোগ করেন।
প্রতিবাদলিপিতে আরও অভিযোগ করা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে কথিত ‘গুপ্ত বট বাহিনী’ এবং পতিত ফ্যাসিস্টদের অনুসারীরা ওই মানববন্ধনের পক্ষে প্রচারণা চালিয়ে বিএনপির বিরুদ্ধে বিষোদগার ও অপপ্রচারে ইন্ধন দিচ্ছে।
মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় একটি কথিত ইয়াবা ব্যবসায়ী সিন্ডিকেটের স্বার্থে ওই মানববন্ধন আয়োজন করা হয়েছে। বায়জিদ হাসান শিবলী নামে এক ব্যক্তির বিরুদ্ধে ইয়াবা-সংক্রান্ত মামলায় গ্রেপ্তার ও কারাভোগের কারণে এই মানববন্ধন করা হয়েছে। একই সঙ্গে শরিফুল ইসলাম তুহিন নামের আরেক ব্যক্তির বিরুদ্ধে ইয়াবা তৈরি, বিপণন ও সেবনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ তুলে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানা যায়।
শাকিল মোল্লা (৩৮), পিতা—করিম মোল্লা, সাং—কলাপাড়া, থানা—কালীগঞ্জ, জেলা—গাজীপুর-এর বিরুদ্ধে বিভিন্ন সময়ে কালীগঞ্জ, জিএমপি সদর ও জয়দেবপুর থানায় দায়ের করা একাধিক মামলার তথ্য উল্লেখ রয়েছে। নথিতে পেনাল কোড ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারার উল্লেখ দেখা যায়। শাকিল মোল্লা শরিফুল ইসলাম তুহিনের ভাই।
প্রতিবাদলিপিতে আরও বলা হয়, কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ থাকলে তা আইনগত প্রক্রিয়ায় তদন্ত ও বিচার হওয়া উচিত। কিন্তু মানববন্ধনের নামে বহিরাগত লোকজন ব্যবহার করে একজন রাজনৈতিক নেতার চরিত্রহনন বা সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
কথিত মানববন্ধনের আয়োজক, অংশগ্রহণকারী, অর্থায়ন ও পৃষ্ঠপোষকতার বিষয়টি তদন্তের দাবি জানিয়ে প্রকৃত ঘটনা জনসম্মুখে প্রকাশ এবং মিথ্যা প্রমাণিত হলে অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
প্রতিবাদলিপিতে স্বাক্ষর করেন হুমায়ূন কবির, আহ্বায়ক, কালীগঞ্জ বিএনপি; খালেকুজ্জামান বাবলু, সদস্য সচিব, কালীগঞ্জ বিএনপি; হোসেন আরমান, আহ্বায়ক, পৌর বিএনপি এবং ইব্রাহিম প্রধান, সদস্য সচিব, পৌর বিএনপি।











































